
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে ইয়াছিন খান (২৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ ইব্রাহিম খান (২৭) নামে আরও একজন নিখোঁজ রয়েছেন।
বুধবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সৈকতের জলতরঙ্গ সংলগ্ন সাগরে এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার জেলা প্রশাসনের নিয়োজিত সৈকতকর্মী মাহবুব আলম।
নিহত ইয়াছিন খান রাজধানী ঢাকার কুড়িল চৌবাস্তা এলাকার বাসিন্দা। নিখোঁজ মোহাম্মদ ইব্রাহিম খানও ঢাকার বাসিন্দা বলে জানা গেছে। তারা দুজনই আইজেটকেপি কোম্পানিতে কর্মরত ছিলেন।
মাহবুব আলম জানান, ২২ ও ২৪ আগস্ট পর্যায়ক্রমে প্রায় ১১০ জনের একটি দল কক্সবাজারে আসে। বর্তমানে তারা হোটেল বিস্তা বে-তে অবস্থান করছেন। বুধবার দুপুরে দলটির দুই পর্যটক জলতরঙ্গের সামনে সাগরে গোসল করতে নেমে পানির স্রোতে ভেসে যান।
পরে ইয়াছিন খানকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিখোঁজ ইব্রাহিম খানকে উদ্ধারে লাইফগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।
লাইফগার্ডের তথ্য অনুযায়ী, গত এক বছরে কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে ২৬ পর্যটকের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও দুজন নিখোঁজ হয়েছেন।